৪ থেকে ৫ বছর বয়সী শিশুর বিকাশ

আপনার সোনামণির বয়স যখন ৪ থেকে ৫ বছরের কোঠায়, তখন সে এক অদ্ভুত সুন্দর রূপান্তরকালীন সময়ের মধ্য দিয়ে যায়। এই সময়ে সে কেবল একটি ছোট্ট শিশু নয়, বরং একজন কৌতূহলী অনুসন্ধানকারী এবং আগের তুলনাই আত্মবিশ্বাসী। তার হাঁটাচলায় আসে সাবলীলতা, আর কথায় আসে যুক্তির ছোঁয়া।

তবে প্রতিটি শিশু তার নিজস্ব ছন্দে বড় হয়। কেউ দ্রুত কথা বলতে শেখে, কেউ আবার দৌড়ঝাঁপে ওস্তাদ হয়। তাই অন্য শিশুর সাথে তুলনা না করে, আপনার শিশুর প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করা এবং তাকে ধৈর্য ও মমতায় আগলে রাখাই হলো এই সময়ের মূল মন্ত্র।

১.শারীরিক বিকাশ (Physical Skills)

এই বয়সে শিশুরা তাদের শরীরের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ অর্জন করে। তাদের বড় এবং ছোট উভয় ধরণের মাংসপেশির দ্রুত উন্নয়ন ঘটে।

বড় পেশি-নির্ভর নড়াচড়া (Gross Motor skills): শিশুরা এখন এক পায়ে লাফাতে (hopping) পারে এবং বেশ কিছুক্ষণ ভারসাম্য বজায় রাখতে শেখে। তারা এই সময় স্কিপিং করতে শেখে বা চেষ্টা করে। দৌড়ানোর সময় হঠাৎ দিক পরিবর্তন করা বা গাছে চড়ার মতো কাজে তারা আনন্দ পায়।

হাতআঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ (Fine Motor skills): হাতের সূক্ষ্ম কাজের ক্ষেত্রেও দারুণ উন্নতি দেখা যায়। তারা এখন দেখে দেখে নানা আকৃতি আঁকতে পারে এবং ছোটদের নিরাপদ কাঁচি ব্যবহার করে কাগজ কাটতে শেখে। এই সময়েই অধিকাংশ শিশু বুঝতে শুরু করে সে কোন হাত (ডান না বাম) ব্যবহারে বেশি স্বচ্ছন্দ।

. ভাষা যোগাযোগ (Language and Communication)

এই সময়ে শিশুর শব্দভাণ্ডার দ্রুত বাড়তে থাকে। তারা এখন কেবল প্রয়োজন বোঝাতে নয়, গল্প বলতেও ভালোবাসে। এই বয়সী শিশুরা সাধারণত পূর্ণাঙ্গ বাক্যে কথা বলতে পারে এবং কিছু কিছু  নির্দেশ (যেমন: “খেলনাগুলো তোলো, হাত ধোও এবং খাওয়ার টেবিলে এসো”)  সহজেই পালন করতে সক্ষম হয়।

ডায়ালজিক রিডিং (Dialogic Reading) একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে শিশুকে কেবল গল্প শোনানো হয় না, বরং তাকেই গল্পের প্রধান কথক বা ‘Storyteller’ বানানো হয়। বই এর সাথে বাস্তবতার সংযোগ ঘটাতে PEER এবং CROWD কৌশল ব্যবহার করা হয়ে থাকে।

  * PEER কৌশল (Prompt, Evaluate, Expand, Repeat): ধরুন আপনি ‘Brown Bear’ বইটি পড়ছেন। প্রথমে শিশুকে প্রশ্ন করুন (Prompt): “এই পাখিটির রঙ কী?” সে যদি বলে “লাল”, তবে তাকে বাহবা দিন (Evaluate)। এরপর কথাটি বড় করে বলুন (Expand): “ঠিক বলেছ, এটি একটি টকটকে লাল পাখি!” সবশেষে শিশুকে আবার বলতে বলুন (Repeat)।

  * CROWD কৌশল: গল্পের মাঝে ৫ ধরণের প্রশ্ন করুন: ১. Completion (বাক্য পূরণ): ছন্দের মিল আছে এমন বাক্যের শেষ শব্দ শিশুকে বলতে দিন। ২. Recall (মনে করা): গল্পের শুরুতে কী হয়েছিল তা জিজ্ঞাসা করুন। ৩. Open-ended (বর্ণনামূলক): “এই ছবিতে কী ঘটছে বলো তো?” ৪. Wh-prompts (কে, কী, কোথায়): ছবির খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করুন। ৫. Distancing (বাস্তবের সাথে সংযোগ): “গল্পের এই বিড়ালটির মতো আমাদের পাড়ার বিড়ালটিও কি সাদা?”—এভাবে গল্পের সাথে বাস্তব জীবনের মিল খুঁজুন।

৩. বৌদ্ধিক বকাশ (Intellectual Development)

শিশুর চিন্তা করার ক্ষমতা এখন অনেক বেশি যুক্তিপূর্ণ হয়ে ওঠে। সে সবকিছুর পেছনে ‘কেন’ এবং ‘কীভাবে’ খুঁজতে শুরু করে।  এই বয়সে শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতা আগের চেয়ে বাড়ে। কিন্ডারগার্টেন বা স্কুলের প্রস্তুতির অংশ হিসেবে সে এখন যেকোনো একটি কাজে কমপক্ষে ৫ মিনিট বা তার বেশি সময় স্থির হয়ে মনোযোগ দিতে পারে।

* কার্যকারণ ও সময়ের ধারণা: শিশু এখন বুঝতে পারে কেন গ্লাসটি পড়লে ভেঙে যাবে (Cause and Effect)। এছাড়া সকাল-রাত, দিন-মাস এবং  সংখ্যার প্রাথমিক ধারণা তাদের মধ্যে তৈরি হয়।

. সামাজিক আবেগীয় বিকাশ (Social and Emotional Development)

এই বয়সে শিশুর ব্যক্তিত্ব, আত্মপরিচয় ও সামাজিক আচরণ আরও স্পষ্ট হয়ে ওঠে।  তারা এখন অন্যের অনুভূতি বুঝতে শেখে। কোনো বন্ধু কষ্ট পেলে তাকে সান্ত্বনা দেওয়া বা নিজের খেলনা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা এই সময়ের বড় অর্জন। শিশুরা এখন বাস্তব ও কল্পনার পার্থক্য বুঝতে শুরু করলেও ‘মনে মনে’ বা কাল্পনিক খেলায় মেতে থাকতে ভালোবাসে। নিজেকে ডাক্তার বা সুপারহিরো ভাবা তাদের সৃজনশীলতারই বহিঃপ্রকাশ। জেদ বা রাগ নিয়ন্ত্রণে তারা আগের চেয়ে কিছুটা পরিণত হয়, তবে মাঝেমধ্যে আবেগের বিস্ফোরণ ঘটা খুব স্বাভাবিক।

৫. সৃজনশীলতা মস্তিষ্কের কার্যক্ষমতা (Creativity and brain functionality)

খেলাধুলাই হলো এই বয়সের শিশুর প্রধান ‘কাজ’। এটি সরাসরি তার মস্তিষ্কের ‘Executive Function’ বা কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। খেলাধুলা শিশুকে মনোযোগ ধরে রাখতে, স্মৃতি ব্যবহার করতে এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। বাইরে প্রকৃতির মাঝে খেলাধুলা এই ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়।

* অসংগঠিত খেলা (Unstructured Play): সব সময় দামী খেলনা নয়, বরং খালি বক্স, বালতি বা লাঠির মতো সাধারণ জিনিস দিয়ে খেলা তাদের সমস্যা সমাধানের ক্ষমতা (Problem-solving skills) বৃদ্ধি করে।

* মিডিয়া প্ল্যান: স্মার্টফোন বা স্ক্রিন টাইম দিনে ১ ঘণ্টার বেশি না রাখাই ভালো। খেয়াল রাখবেন ডিজিটাল ডিভাইস যেন তাদের ঘুমের সময় বা শারীরিক খেলার সময় কেড়ে না নেয়।

 শিশু বিকাশের বিভিন্ন দিক দৈনন্দিন জীবন

চার থেকে পাঁচ বছর বয়সে স্কুলের প্রস্তুতি মানে শুধু অক্ষর বা সংখ্যা শেখা নয়। বরং সামাজিক, শারীরিক, বৌদ্ধিক, যোগাযোগ ও সৃজনশীল এবং আবেগিক বিকাশ (SPICE) -এর বিভিন্ন দিক একসঙ্গে ব্যবহার করে ধীরে ধীরে আরও স্বাবলম্বী হয়ে ওঠাই গুরুত্বপূর্ণ। নিজের পোশাক পরার চেষ্টা করা, কিছু বোতাম লাগানো, নিজের নামের কিছু অক্ষর চিনতে বা লিখতে চেষ্টা করা, কয়েক ধাপের সহজ নির্দেশ মনে রেখে কাজ করা, এবং কোনো কাজে কিছু সময় মনোযোগ ধরে রাখা, এসবই স্কুল প্রস্তুতির অংশ। বই পড়তে চেষ্টা করা, ব্লক বা লেগো দিয়ে কিছু তৈরি করা, নিরাপদ কাঁচি দিয়ে কাগজ কাটা, ছবি আঁকা, রান্নাঘরের নিরাপদ জিনিস দিয়ে অভিনয়ধর্মী খেলা বা বাইরে মাটি, পানি ও প্রাকৃতিক উপকরণ নিয়ে খেলা, এসব সাধারণ অভিজ্ঞতাই ভাষা, হাত-আঙুলের সূক্ষ্ম নিয়ন্ত্রণ দক্ষতা, সমস্যা সমাধান, কল্পনা এবং আত্মনিয়ন্ত্রণ একসঙ্গে গড়ে তোলে। তাই শেখার জন্য সব সময় দামি খেলনা বা বিশেষ ওয়ার্কশিট প্রয়োজন হয় না।

প্রবাসী ও দ্বিভাষিক পরিবারের জন্য এই শেখার পরিবেশে ভাষা ও সংস্কৃতিরও বিশেষ ভূমিকা রয়েছে। ঘরে বাংলা এবং বাইরে স্থানীয় ভাষা ব্যবহার করা শিশুর জন্য সমস্যা নয়, বরং দুটি ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ। বই নির্বাচনের ক্ষেত্রে Mirrors and Windows ধারণাটি ব্যবহার করা যেতে পারে। কিছু বই শিশুর নিজের ভাষা, পরিবার ও সংস্কৃতিকে আয়নার মতো প্রতিফলিত করবে, যাতে সে নিজের পরিচয় ও শিকড়কে চিনতে পারে। অন্য কিছু বই জানালার মতো তাকে ভিন্ন মানুষ, সংস্কৃতি ও জীবনধারা দেখতে সাহায্য করবে। এভাবে বই শুধু ভাষা শেখায় না, আত্মপরিচয়, সহানুভূতি এবং অন্যের প্রতি সম্মানও গড়ে তোলে।

কখন বাড়তি সহায়তা প্রয়োজন হতে পারে?

প্রতিটি শিশু নিজের গতিতে বিকশিত হয়, তাই একটি নির্দিষ্ট দক্ষতা একটু আগে বা পরে অর্জন করলেই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে যদি শিশু আগে অর্জিত কোনো দক্ষতা হারিয়ে ফেলে, ভাষায় নিজের প্রয়োজন ও ভাব প্রকাশ করতে খুব বেশি সমস্যায় পড়ে, অন্য মানুষের সঙ্গে যোগাযোগ বা খেলায় খুব কম আগ্রহ দেখায়, আচরণগত সমস্যা নিয়মিতভাবে দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, অথবা দৃষ্টি, শ্রবণ, মনোযোগ কিংবা শারীরিক বিকাশ নিয়ে বাবা-মায়ের স্থায়ী উদ্বেগ থাকে, তাহলে স্বাস্থ্য বা শিশু বিকাশ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা ভালো। উদ্বেগ থাকলে অপেক্ষা করার চেয়ে আগে আলোচনা করাই সাধারণত বেশি সহায়ক।

আপনার শিশুর জন্য সেরা শিখন পরিবেশ আপনার মমতাময় আলিঙ্গন। শিশু যখন ভয় বা চাপের ঊর্ধ্বে থাকে, তখনই সে সবচেয়ে ভালো শেখে। নিয়মিত তার অদ্ভুত সব প্রশ্নের উত্তর দিন, তাকে জড়িয়ে ধরুন এবং তার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনার সাথে তার এই নিরাপদ এবং ভালোবাসার সম্পর্কই তাকে আগামী জীবনের জন্য একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলবে।

রেফারেন্স (Traceable Sources)

১. Nebraska Extension (G2317): Promoting Early Language with Dialogic Reading (PEER & CROWD Strategies).

২. CDC (Learn the Signs. Act Early): Developmental Milestones by 5 Years.

৩. HealthyChildren.org (AAP): The Power of Play and Screen Time Guidelines.

৪. Brown University Health: Gross and Fine Motor Milestones for Preschoolers.

৫. IU Blogs: Windows, Mirrors, and Magic: Diversifying Your Early Childhood Library.

About সময় চাকা

আমরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত কিছু বাংলাদেশী। সময়ের চাকায় আমরা চলেছি সুখের সন্ধানে, সেই প্রস্তর যুগ থেকে শুরু করে আজও চলছে সন্ধান আর অনুসন্ধান । তাই চলুন সময়ের চাকায় পিষ্ট না হয়ে, সময় চাকা ধরে চলতে থাকি, সময়কে সুন্দর করে রাখার আশায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *